সাত্তার আব্বাসী
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ সদর উপজেলায় বন্ধুদের সাথে যমুনা নদীতে গোসল করতে নেমে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
শুক্রবার দুপুরে যমনা নদীর ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জানান সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান।
নিখোঁজ শিক্ষার্থী জিহাদ সেখ (১৪) শহরের হোসেনপুর বাগানবাড়ি এলাকার মো. জুয়েল সেখের ছেলে। সে সবুজ কানন হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, দুপুরে জিহাদসহ পাঁচ থেকে ছয়জন বন্ধু মিলে ক্রসবার বাঁধ এলাকায় ফুটবল খেলা শেষে যমুনায় গোসল করতে নামে। এ সময় নদীর স্রোতে জিহাদসহ তিনজন ভেসে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক দুইজনকে উদ্ধার করতে পারলেও জিহাদ পানিতে তলিয়ে যায় বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “খবর পেয়ে প্রাথমিকভাবে নৌকা নিয়ে উদ্ধার কাজ শুরু করেছিলাম। কিন্তু জিহাদকে পাওয়া যায়নি।”
বিকাল ৫টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।