মোঃ নুরনবী সরকার
নাগেশ্বরী প্রতিনিধি:
নাগেশ্বরীর কচাকাটায় ইউনিয়ন ভূমি অফিসে চুরি ও অগ্নিসংযোগের ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে । ২৭ অক্টোবর ভোর বেলা থানার বল্লভেরখাস ইউনিয়নের ভূমি অফিসে এ চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অপরাধে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ দুপুরের ২ জনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- বল্লভের খাষ ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে আরিফ হোসেন ও একই ইউনিয়নের গাবতলা ডাক্তার পাড়ার মৃত নুর ইসলামের ছেলে বাবু মিয়া।
পুলিশ জানায়, রবিবার ভোর রাতে আটক হওয়া দুই ব্যক্তি বল্লভের খাষ ইউনিয়ন ভূমি অফিসে ঢুকে একটি পানির পাম্প চুরি করে। এসময় তারা অফিসেরে ভিতরে আগুন লাগিয়ে দেয়। এতে গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ বেশকিছু নামজারী নথি পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিভাতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুপুরের মধ্যে দুইজনকে গ্রেফতার করে।
ঘটনাস্থল পরিদর্শন করে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহম্মেদ জানান, আগুন দেয়ার ফলে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।