স্বপ্নময় এক রাত কাটাল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। বার্সার আক্রমণভাগের তিন তারকা জ্বলে উঠলেন। গোলশূন্য প্রথমার্ধের পর জোড়া গোল করেন রবার্ট লেভান্ডভস্কি। একটি করে গোল লামিনে ইয়ামাল ও রাফিনহার।
শনিবার রাতে ম্যাচজুড়ে রিয়ালকে হুমকিতে রাখা ইয়ামালের এটিই প্রথম এল ক্লাসিকো গোল। এই গোলে নতুন এক কীর্তিও গড়লেন স্প্যানিশ উইঙ্গার। সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ক্লাসিকোয় গোলের কীর্তিও গড়লেন ইয়ামাল।
ম্যাচের ৭৭তম মিনিটে চমৎকার গোলটি করেন ইয়ামাল। রাফিনহার পাস বক্সে পেয়ে ডান পায়ের জোরাল শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।
সব মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত খেলা ১৪ ম্যাচে ৬ গোল এবং ৭ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। গতকাল রাতে গোল করার সময় ইয়ামালের বয়স ছিল ১৭ বছর ১০৬ দিন। এর আগে এই কীর্তি দখলে ছিল বার্সেলোনারই সাবেক ফরোয়ার্ড আলফোনসো নাভারোর। এল ক্লাসিকোয় নিজের প্রথম গোল করার সময় নাভারোর বয়স ছিল ১৭ বছর ৩৫৬ দিন।