সফিকুল ইসলাম রিংকু:
৪ডিসেম্বর, মতলব হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার হানাদর পাকিস্তানী বাহিনী মতলবের মাটি থেকে বিতারিত হয় এবং মতলব স্বাধীন হয়। ‘৭১ সালের ৮ এপ্রিল ঢাকা থেকে সড়কপথে পাকবাহিনী মতলবে আসে এবং থানা দখল করে তাদের ক্যাম্প স্থাপন করে। তারা মতলবে নির্বিচারে সাধারণ মানুষ হত্য করে এবং ব্যাপক হতাযজ্ঞ চালায়।
যুদ্ধকালীন সময়ে পাকিস্তানী সৈন্য ও তার এদেশীয় দোসররা এনায়েতনগর গ্রামে পাঁচ হাজার ঘরবাড়ি জ্বালিয়ে দেয় এবং বহু নারীর সম্ভ্রম কেড়ে নিয়েছিল। তখন মুক্তিযোদ্ধাদের সাহসিকতায় মতলবরে খিদিরপুর, বহুরী, বাগানবাড়ি, মোহনপুর ও এনায়েতনগর এলাকার পাঁচটি ঘাঁটি তৈরী করে হানাদার বাহিনী মোকাবেলা করে।
স্থানীয় মুক্তিযোদ্ধারা দখলদার পাকবাহিনীর বিরুদ্ধে লালারহাট, বোয়ালমারী এবং আরও কয়েকটি স্থানে সম্মুখ যুদ্ধে অংশ নেয়। মুক্তিযোদ্ধাদের সাথে সর্বস্তরের জনগণের প্রবল প্রতিরোধের মুখে অবশেষে ৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী নদীপথে মতলব ছাড়তে বাধ্য হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন মতলবের ১৮ জন মুক্তিযোদ্ধা নিহত হন।