বিনোদন প্রতিবেদক:
তেজগাঁও রেলস্টেশনের কাকছাকাছি চলন্ত এক ট্রেনে ঘটে যাওয়া এক অগ্নিসংযোগের ঘটনায় যেখানে একজন বাবা তার চোখের সামনে অসহায়ের মতো নিজের স্ত্রী –শিশুসন্তান তথা পুরো পরিবারকে পুড়তে দেখে। ২০২৩ সালের ডিসেম্বরে ঘটে যাওয়া সেই নৃশংস দুর্ঘটনাকে কেন্দ্র করে গান বাঁধল ব্যান্ড শহরতলী, যার শিরোনাম ‘অসমাপ্ত’।
এটি লিখেছেন ব্যান্ডটির বেজিস্ট রাজীবুর রহমান। গণমাধ্যমে তিনি বললেন, ‘ওই অগ্নি দুর্ঘটনার সময় সুযোগ থাকা স্বত্বেও একজন পিতা নিরাপদে সরে না গিয়ে বরং শেষ নিশ্বাস পর্যন্ত নিজের পরিবারের পাশে ছিলেন, আশপাশের উৎসুক জনতার কাছে জানিয়েছেন বাঁচার আকুতি এই বিষয়টিই আমার মনে দাগ কেটেছিল। তারপরই মিশুর সঙ্গে আলাপ করি এবং অবশেষে গানটা লেখার ভাবনা আসে।’
এ প্রসঙ্গে ভোকালিস্ট মিশু খান বলেন, ‘বিগত সময়ে আমরা এমন অনেক নৃশংস ঘটনা দেখেছি। কিন্তু কয়টা মনে রেখেছি? পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমি চাই, মানুষ যেন সেইসব অপরাধের কথা ভুলে না যায়। এইসব অপরাধের যেন পুনরাবৃত্তি না ঘটে।’
যদিও এসব অগ্নিসন্ত্রাসের ঘটনা এখানেই শেষ নয় বলে মনে করছেন ব্যান্ডটির সদস্যরা। তাই তাঁদের ভাষ্য, ‘‘এমন ঘটনা এটাই প্রথম বা শেষ নয়…! হয়তো আগামীকাল আগুন সন্ত্রাসের সেই অসহায় দগ্ধ যাত্রী আমার কিংবা আপনার পরিবার, যা আমাদের দৃষ্টিতে ‘অসমাপ্ত’ হয়ে গেঁথে আছে। হয়তো আরও দেখার বাকি আছে শিহরিত কোনো পুনরাবৃত্তির! আজ অথবা কাল!’’
রাজীবুর রহমান বললেন, ‘গানটা শুনলে শ্রোতারাও বুঝতে পারবেন যে গানটা অসমাপ্ত রাখা হয়েছে, একটা কবিতা দিয়ে শেষ করেছি। আমরা তো জানি আগুন আবিষ্কার দিয়েই সভ্যতার শুরু, আবার এখন এই আগুনই ধ্বংসের মূল।’