মাগুরা প্রতিনিধি :-
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ট পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যু বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
ড্যাব মাগুরা জেলা শাখার আয়োজনে আজ শুক্রবার মাগুরা সদরের বেলনগর স্কুল মাঠে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় ।
ড্যাব মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার মো: আলিমুজ্জামান এ ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমেদ, যুগ্ম-আহবায়ক আক্তার হোসেন, পিকুল খান প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার মেহেদী হাসান, ডাক্তার মুহা: এহসানুল হক মাসুম, ডাক্তার মো: জুলকার নাঈম শাহরিয়ার, ডাক্তার মিঠুন সাহা, ডাক্তার মো: সাব্বির হাসান ও ডাক্তার শোভন রাহুত রোগীদের চিকিৎসাপত্র প্রদান করেন । এ ফ্রি মেডিকেল ক্যাম্পে সদরের কুছুন্দি ইউনিয়নের ১০ টি গ্রামের গরীব,অসহায়,ছিন্নমুল,দরিদ্র পরিবারের ৫ শতাধিক নারী-পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহন করেন । চিকিৎসা সেবা শেষে তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় ।
ড্যাব এর সভাপতি ডাক্তার আলিমুজ্জামান জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ফ্রী ওষুধ বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।