সাত্তার আব্বাসী, ভ্রাম্যমাণ প্রতিনিধি :
সিরাজগঞ্জবাসীর জনপ্রিয় বিনোদন কেন্দ্র যমুনা নদীর তীরবর্তী ক্রসবার বাঁধ এলাকা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। নদী দর্শনার্থীদের জন্য পরিবেশকে আরও মনোরম ও নিরাপদ রাখতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত যমুনা নদীর ওপর নির্মিত ক্রসবার বাঁধ-৩ ও ক্রসবার বাঁধ-৪ এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু।
অভিযানকালে উপস্থিত ছিলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসানসহ অন্যান্য কর্মকর্তা।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান জানান, যমুনা নদীর সৌন্দর্য উপভোগে দর্শনার্থীদের আগমন বাড়লেও নদীর তীরে গড়ে ওঠা প্রায় ১২০টি দোকানপাট ও অস্থায়ী স্থাপনা দর্শন-অভিজ্ঞতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। এ অবস্থায়, নদীর তীরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এসব অবৈধ স্থাপনা অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, “আমরা দুই দিন আগে এলাকায় মাইকিং করে সতর্ক করেছি। বেশিরভাগ স্থাপনাই স্বেচ্ছায় সরিয়ে নেওয়া হয়। আজ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাকি অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।”
জনসাধারণের অবাধ নদীভ্রমণ ও বিনোদনের সুযোগ নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে পাউবো কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।