ভ্রাম্যমাণ প্রতিনিধি :
কুমিল্লার রসুলপুর রেলস্টেশনের আউটার সিগনালে লাইনচ্যুত হয়েছে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন। শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে দুর্ভোগে পড়েন উভয়গামী যাত্রীরা।
বাংলাদেশ রেলওয়ের কুমিল্লা অঞ্চলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। দ্রুত উদ্ধারকাজ শুরু করতে লাকসাম জংশন থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার কাজ শেষ হলে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে পুনরায় যাত্রা করবে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও দুর্ঘটনার ফলে রেল চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ সম্পন্ন করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।