নিজস্ব প্রতিনিধি :
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় কৃষক আবু সিদ্দিক ঢালীকে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপী মানববন্ধন করেন নিহতের পরিবার ও স্থানীয় জনসাধারণ।
বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হন। সেখানে আবু সিদ্দিক হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন তারা। বক্তারা অবিলম্বে সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহতের ছেলে রাজীব ঢালী বলেন, “আমার বাবা কোনো অপরাধ করেননি। তাকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। আমরা হত্যাকারীদের ফাঁসি চাই। এখন পর্যন্ত মাত্র দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন কী করছে, তা আমাদের বোধগম্য নয়।”
নিহতের বড় ভাই ও মামলার বাদী আবু আলেম ঢালী বলেন, “৪৩ জনের নাম উল্লেখ করে মামলা করার পরও মাত্র দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। আমরা শুধু বিচার চাই না, খুনিদের ফাঁসি চাই।”
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন মোল্লা জানান, “ঘটনার সঙ্গে জড়িত দুজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। অনেক আসামি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।”
প্রসঙ্গত, ১২ জুন রাতে নদী পাড় থেকে বাড়ি ফেরার পথে ভোজেশ্বর চান্দনি এলাকায় মন্নাফ ছৈয়ালের বাড়ির সামনে রাস্তার ওপর আবু সিদ্দিক ঢালীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরদিন ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১৫ জুন নিহতের ভাই আবু আলেম ঢালী বাদী হয়ে মিন্টু ছৈয়ালকে প্রধান আসামি করে ৪৩ জনের বিরুদ্ধে নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।