রাশিয়ার দূর প্রাচ্যে ৪৯ জন যাত্রী নিয়ে একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। স্থানীয় গভর্নরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। উড়োজাহাজটির সন্ধানে তল্লাশি অভিযান চলছে।
স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন আঙ্গারা পরিচালিত আন-২৪ মডেলের উড়োজাহাজটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিনদা শহরের কাছাকাছি পৌঁছানোর সময় রাডার স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে যায়।
আঞ্চলিক গভর্নর ভাসিলি অরলোভ বলেন, উড়োজাহাজটি ৪৩ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে পাঁচ শিশু ও ছয়জন ক্রু সদস্য ছিলেন।
তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘উড়োজাহাজটির সন্ধানে প্রয়োজনীয় সব বাহিনী ও উপকরণ মোতায়েন করা হয়েছে।’
এ দিকে জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে প্রায় ৪০ জন আরোহী ছিল।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-এর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, জরুরি পরিষেবাগুলোর সূত্রে বলা হয়েছে, ‘আন-২৪ উড়োজাহাজটি খাবারোভস্ক-ব্লাগোভেশচেনস্ক-টিনদা রুটে উড়ছিল। এটি শেষ গন্তব্যের কাছাকাছি নিরাপত্তা পরীক্ষা পার করতে পারেনি। এর সঙ্গে আর কোনো যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না।’