নিজস্ব প্রতিনিধি :
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পৃথক অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ নারীসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে শাল্লা থানা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় নয় লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে শাল্লা থানাধীন ১নং আটগাঁও ইউনিয়নের উজানগাঁও খালপাড় হাটে মাদক বেচাকেনার গোপন সংবাদে অভিযান চালিয়ে জহিরুল ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে ওই গ্রামের মন্নাসের পুত্র। অভিযানের সময় তার সঙ্গে থাকা অন্যান্য চোরাকারবারিরা পালিয়ে যায়।
পরবর্তীতে আটক জহিরুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ আরও ৪৫ কেজি গাঁজা উদ্ধার করে। একই রাতে দৌলতপুর গ্রামে আরও একটি অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে মাদক কারবারি উজ্জ্বলা বেগমের বাড়ি থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে ও তার সহযোগী রুক্কা মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মোট তিনজনকে গ্রেফতার করে পুলিশ ৪৬ কেজি গাঁজা জব্দ করে। শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের নেতৃত্বে এবং দিরাই সার্কেলের নির্দেশনায় এএসআই তারেক নাজির, এএসআই আক্তারউজ্জামান ও পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। এছাড়া, জহিরুল ইসলামের জবানবন্দির ভিত্তিতে পলাতক দুই মাদক ব্যবসায়ী হারুন অর রশিদ ভূঁইয়া (৫০) ও মদরিচ (৪০)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও তিনি জানান।