নিজস্ব প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ী দুলাল রায়কে (৫০) অপহরণ করে মুক্তিপণ দাবি করে এক চক্র। প্রায় ৯ ঘণ্টা পর পুলিশের যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়।
শুক্রবার রাত ৮টায় সালমদী বাজার থেকে বাড়ি ফেরার পথে ভৈবরদী গ্রামের দুলাল রায়কে হাইয়েস গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা। পরে তার স্ত্রীর মোবাইলে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনার পরপরই দুলালের স্ত্রী থানায় অভিযোগ করলে পুলিশ সুপারের নির্দেশে অভিযান শুরু হয়। প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাক করে শনিবার ভোর ৫টায় রূপগঞ্জের ভুলতা এলাকা থেকে দুলালকে উদ্ধার করা হয়।
অপহরণকারীরা এখনও পলাতক। তবে তাদের শনাক্ত করতে কাজ করছে ডিবি। আইনশৃঙ্খলা বাহিনীর ছায়ায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।