নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটে আলাউদ্দিন (৫৫) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে অপহরণের পর কুপিয়ে এবং গুলি করে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন বক্সগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং স্থানীয়ভাবে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে আলাউদ্দিন তার চাচাতো ভাই আবুল বাশারের জানাজা শেষে বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় মুখোশ পরা একদল সন্ত্রাসী তাকে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়।
পরবর্তীতে নিহতের ভাগিনা তারেক ও আত্মীয় চিকিৎসক আনোয়ার হোসেন ধাওয়া করে উপজেলার চাঁন্দাইশ গ্রামের আবুল খায়ের মাস্টারের বাড়ির সামনে গিয়ে আলাউদ্দিনকে হাত-পা বাঁধা, রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তারা দাবি করেন, স্থানীয় যুবলীগ নেতা ছালেহ আহমদ মেম্বার, শেখ ফরিদ ও শহীদ এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন।
ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।