মোঃ আল আমিন হোসেন,
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরীর টঙ্গীতে খোলা তেল বোতলজাত করে বাজারে বিক্রির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অপর একটি কারখানা সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার এই অভিয়ান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর।

জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুরের একটি দল সকাল থেকে বিকেল পর্যন্ত টঙ্গী বাজারে অভিযান চালায়। এ সময় সেখানকার তিন ভাই সুপারমার্কেটে যমুনা সয়াবিন তেল কারখানা নামের একটি অবৈধ প্রতিষ্ঠানকে বাজারজাত করার উদ্দেশ্যে খোলা তেল বোতলজাত করতে দেখা যায়। এ সময় প্রতিষ্ঠানের মালিক আবুল কালামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একই কোম্পানির শামীমের মালিকানাধীন আরেকটি কারখানা সিলগালা করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্বে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভিন বলেন, আমরা একটি কারখানা সিলগালা এবং আরেকটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। অবৈধভাবে গড়ে ওঠা এ ধরনের কারখানার বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।