মোঃ আল আমিন হোসেন,
নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
আজ বুধবার (১৩ অক্টোবর) টঙ্গী পূর্ব থানায় এই মামলাটি রুজু হয়। এর আগে সোমবার (১১ অক্টোবর) স্থানীয় সিলমুন পূর্বপাড়া খান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. সুলতান (৪৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার গাংভাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি ওই এলাকায়র বাদল হোসেনের একই বাড়িতে পাশাপাশি ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার বেলা ১১ টার দিয়কে শিলমুন খান বাড়ি সংলগ্ন বাদল হোসেনের বাড়ির ভাড়াটিয়া অভিযুক্ত সুলতান মিয়া একা খালি বাসায় পেয়ে টিভি দেখার কথা বলে ভুক্তভোগীকে কোলে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। পরদিন ভিকটিম তার বড় বোনকে বিষয়টি জানালে তিনি স্থানীয়দের সহযোগিতা নিয়ে থানা পুলিশে খবর দেন।
পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায়। পরে ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।