মোঃ শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সোমবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে। সাতদিনব্যাপী চলা এই উৎসবের প্রতিপাদ্য ছিল, “অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি।”
উদ্বোধনী অনুষ্ঠানে বেলা সাড়ে ১১টায় কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ ও পল্লী উন্নয়ন অফিসার আব্দুল আওয়াল। তারা মৎস্য সম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির গুরুত্ব এবং স্থানীয় মৎস্যচাষীদের জন্য সরকারের বিভিন্ন সহায়ক কর্মসূচি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভার পূর্বে উপজেলা মিলনায়তনের বাইরে একটি রেলি অনুষ্ঠিত হয়। রেলিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাজিপুর উপজেলা পরিষদের পুকুরে পৌঁছায়, যেখানে মাছের পোনা অবমুক্ত করে স্থানীয় জলাশয়ে প্রাণের পুনরুজ্জীবন ঘটানো হয়।
উক্ত অনুষ্ঠানমালার মাধ্যমে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ মৎস্য চাষ ও সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগণকে দেশীয় মাছের দিকে উৎসাহিত করার চেষ্টা করছে।