নিজস্ব প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবার ধারালো অস্ত্রের আঘাতে নেশাগ্রস্ত ছেলে শফিকুল ইসলাম (৩০) ওরফে শরিফুল নিহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শরিফুল স্থানীয় কাঠ ও গাছ ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে শহিদ আলীর বড় ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত ছিলেন এবং এলাকায় অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। স্থানীয়দের অভিযোগ, শরিফুলের বিরুদ্ধে চুরি, ছিনতাই, নারীদের উত্ত্যক্ত করা, পুকুরের মাছ ও গাছের ফল চুরিসহ নানা অপরাধের রেকর্ড ছিল। এ কারণে পরিবার বারবার তাকে সংশোধনের চেষ্টা করলেও ব্যর্থ হয়। বরং তিনি উল্টো বাবা-মা ও ভাইদের হুমকি দিতেন এবং তাড়িয়ে বেড়াতেন।
শনিবার বিকালে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরেন শরিফুল। এ সময় মা-বাবা ও ভাইদের সঙ্গে কথাকাটাকাটি বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না পেরে তার মা ছোট ছেলেকে নিয়ে নানার বাড়ি চলে যান। রাতে ফের বাবার সঙ্গে বাগবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবা ধারালো অস্ত্র দিয়ে শরিফুলকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে বাবা শহিদুল ইসলাম পলাতক রয়েছেন। রবিবার (১৭ আগস্ট) সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।