কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে সরকারি মূল্যে খোলা বাজারে আটা বিক্রি শুরু হয়েছে। সোমবার সকালে মেঘাই বাজারে এই আটা বিক্রির কাজ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা অলিউর রহমান, ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, ডিলার শাফি ও জালাল উদ্দিন।

জানা গেছে, প্রতিদিন এক টন আটা ২৪ টাকা দরে একশ জনের মধ্যে বিতরণ করা হচ্ছে। প্রতিজনকে পাঁচ কেজি করে আটা দেওয়া হচ্ছে। তবে প্রথম দিনেই প্রচণ্ড ভীড় লক্ষ্য করা গেছে, এবং লাইনে দাঁড়ানো অনেক মানুষ তাদের চাহিদা অনুযায়ী আটা সংগ্রহ করতে পারেননি।
এক নারী লাইনে দাঁড়িয়ে বলেন, “সকালে লাইনে দাঁড়াইছিলাম, কিন্তু আটা পাওয়ার আগেই শেষ হয়ে গেছে। আমাদের জন্য বরাদ্দ বাড়ানোর ব্যবস্থা হওয়া দরকার।”
ডিলার জালাল উদ্দিন জানান, “দুইটি পয়েন্ট থেকে আটা বিতরণ করা হয়েছে। অনেক মানুষ পেয়ে যাননি, কিন্তু বরাদ্দ সীমিত থাকায় আমাদের কিছু করার সুযোগ নেই।”