
মোঃ রেজাউল ইসলাম
বরগুনা প্রতিনিধি:
জাতীয় গ্রিডে পর্যাপ্ত বিদ্যুৎ থাকা সত্ত্বেও অযৌক্তিক লোডশেডিংয়ের কারণে জনদুর্ভোগ চরমে — এমন অভিযোগে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ অক্টোবর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে পাথরঘাটা গোলচত্বরে “বিদ্যুৎ সুবিধা বঞ্চিত পাথরঘাটা উপজেলাবাসী” আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বদিউজ্জামান সায়েদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বরগুনা জেলা শাখার সহ-সভাপতি মহিউদ্দিন এসমে, চৌধুরী মো. ফারুক, আহবায়ক উপজেলা বিএনপি পাথরঘাটা।
বক্তারা অভিযোগ করেন, পাথরঘাটায় প্রতিদিন গড়ে পাঁচ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ থাকে না, অথচ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে ভুতুড়ে বিদ্যুৎ বিল। তারা দ্রুত বরগুনা জেলা থেকে পাথরঘাটা উপজেলায় স্থায়ী ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাত দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।