
মোস্তাক আহমেদ (বাবু) রংপুর,
রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা পাওয়ার প্লান্ট রোড সংলগ্ন ভক্তের বাজার এলাকায় ২৩ কেজি ৯ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে এলাকাবাসী আটককৃতদের পুলিশ ও সেনাবাহিনীর কাছে সোপর্দ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২ অক্টোবর) বিকেলে ৫টার এলাকাবাসী গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক- ভাবে ঘোরাফেরা করা তিন ব্যক্তিকে আটক করেন। তাদের দেহ ও সঙ্গে থাকা বস্তায় তল্লাশি চালিয়ে প্রায় ২৩ কেজি ৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে পীরগাছা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আটককৃতদের নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোমেল বড়ুয়া বলেন,
“জনগণের সহযোগিতা ছাড়া মাদক নির্মূল করা সম্ভব নয়।
পীরগাছার মানুষ যে সাহসিকতা ও সচেতনতার পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এভাবেই একসাথে কাজ করলে মাদক চক্রের শিকড় উপড়ে ফেলা সম্ভব।”
তিনি আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, সম্প্রতি পীরগাছা উপজেলায় মাদকবিরোধী তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবু কিছু এলাকায় মাদক কারবারিদের আনাগোনা অব্যাহত রয়েছে বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।