মাহফুজার রহমান, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচননে মাগুরা-১ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খানকে জমকালো সম্বর্ধনা দিয়েছে দলীয় নেতা কর্মীরসহ সাধারণ মানুষ। গতকাল বুধবার দুপরে তিনি কামারখালী ব্রীজে পৌঁছালে হাজারো দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে তাকে বরণ করে নেন।
এ সময় কামারখালী ব্রীজ থেকে মাগুরা শহর পর্যন্ত কয়েক কিলোমিটার জুড়ে মানুষের ঢল নামে। স্থানীয়রা ব্যানার, ফেস্টুন ও মিছিল শ্লোগানে তাকে স্বাগত জানায়।
সংর্ধনার শুরুতে স্থানীয় ওয়াপদার মোড়ে সমাবেশে মনোয়ার হোসেন খান বলেন, “মাগুরার মানুষ আজ যে ভালোবাসা দেখিয়েছে, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিএনপি জনগণের দল। এই ভালোবাসাই আমাদের আগামী দিনের প্রেরণা। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে। মাগুরার উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে আমি সর্বদা কাজ করে যাব।”
এ সময় জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, এ্যাড. সাহেদ হাসান টগর, সদর উপজেলা বিএনপির সভাপতি মাসুদ হাসান কিজিল, বিএনপি নেতা আহমদ হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অভ্যর্থনা শেষে শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেকেই বলেন, দীর্ঘদিন পর বিএনপির এমন গণজোয়ার মাগুরায় নতুন রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।