কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর)
আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবু হানিফের নেতৃত্বে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা।
শহরের রেলস্টেশন এলাকা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক মোটরসাইকেল ও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই শোভাযাত্রাকে ঘিরে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন হাতে দলের পক্ষে জনসমর্থন বৃদ্ধির আহ্বান জানান।
গণঅধিকার পরিষদের প্রার্থী আবু হানিফ বলেন, “গণঅধিকার পরিষদ কোনো সুবিধাভোগী দলের বিকল্প নয়; এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে উঠে আসা একটি শক্তি। আমরা রাজনীতি করি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য, ক্ষমতার ভাগাভাগির জন্য নয়। দেশের প্রতিটি মানুষ যেন ন্যায্য অধিকার, কর্মসংস্থান ও নিরাপত্তা পায়— সেটিই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “এই নির্বাচনে মানুষ পরিবর্তন চায়। তারা চায় জবাবদিহিতামূলক সরকার, সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন। কিশোরগঞ্জবাসী এবার প্রমাণ করবে, তারা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটেই এবার পরিবর্তনের সূচনা হবে।”