এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার
শিবচর মাদারিপুর
মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় মাদারীপুর-১ (শিবচর) আসনে কামাল জামান মোল্লার নামও ছিল। তবে “অনিবার্য কারণবশত” তার মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দলীয় সূত্র জানায়, স্থানীয় পর্যায়ে কিছু মতবিরোধ ও অভ্যন্তরীণ সমন্বয়ের বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে মনোনয়ন স্থগিতের আদেশ প্রত্যাহারের দাবিতে শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৪টা থেকে শিবচরের ঐতিহাসিক হাতির বাগান মাঠে কামাল জামান মোল্লার সমর্থকদের উদ্যোগে এক বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হাজারো নেতা-কর্মী “নমিনেশন ফিরিয়ে দাও” ও “সিদ্ধান্ত পুনর্বিবেচনা করো” স্লোগান দেন। বক্তারা বলেন, “কামাল জামান মোল্লা শিবচরের জনপ্রিয় নেতা, তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দিলে তৃণমূল তা মেনে নেবে না।”
সমাবেশে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জামাল বেপারী।
বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, “আমাকে মনোনয়ন দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু কুচক্রী মহলের প্রভাবে সেটি স্থগিত করা হয়। গত ১৮ বছরে আমি দল ও গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করেছি—জেল খেটেছি, হামলা-মামলার শিকার হয়েছি, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। অথচ সেই ত্যাগের বিনিময়ে আজ আমাকে অন্যায়ভাবে বঞ্চিত করা হলো।”
সমাবেশে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান (সাজু) মোল্লা, সদস্য মাহবুব রহমান মাদবর, শহিদুল ইসলাম (শহীদ চেয়ারম্যান), বিএনপির বনানী থানার যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন নূর, উপজেলা বিএনপি নেতা তাজউদ্দীন মোল্লা, জাতীয়তাবাদী মহিলাদলের যুগ্ম আহ্বায়ক নারগিস আক্তার, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হাসান শিহাবসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতা-কর্মী।
সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সমাবেশটি সম্পন্ন হয়েছে।