মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:-
রাঙামাটির কাউখালি উপজেলার ঘাগড়া এলাকায় পানিতে ডুবে অর্ষমিতা চাকমা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের জুনুমা ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গোসল করতে গিয়ে দুর্ঘটনা
স্থানীয় সূত্রে জানা যায়, অর্ষমিতা চাকমা দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশে জুনুমা ছড়ায় গোসল করতে যায়। একপর্যায়ে নদী পার হওয়ার সময় হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায় সে।
সহপাঠী ও স্থানীয়রা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।
পরে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত অর্ষমিতা চাকমা (১৩) রাঙামাটি জেলার কাউখালি উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের জুনুমা ছড়া গ্রামের শান্ত চাকমা ও জয়া চাকমার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।ঘাগড়া কাউখালি থানার দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।হঠাৎ এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশীরা জানায়, অর্ষমিতা ছিল মেধাবী ও প্রাণবন্ত একটি মেয়ে। তার অকাল মৃত্যু সবাইকে মর্মাহত করেছে।