মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর, ২০২৫) বিকেলে শাহজাদপুর বিএনপির দলীয় কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী প্রফেসর ডক্টর এম এ মুহিত। প্রফেসর ডক্টর এম এ মুহিত তার বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যা করেন এবং এই দিবসের মাধ্যমে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছিল বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনার অনুপ্রেরণা। উক্ত দোয়া মাহফিলে শাহজাদপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।