লিয়াকত হোসেন রাজশাহী
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.)
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ১২
ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক
নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে কোনো
ধরনের সহিংসতার আশঙ্কা নেই। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার বিকেলে রাজশাহীর কারা প্রশিক্ষণ একাডেমি
মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা
শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নির্বাচনের নিরাপত্তা ছক তুলে ধরে জাহাঙ্গীর আলম
চৌধুরী জানান, শৃঙ্খলা রক্ষায় এবার বিশাল বাহিনী মাঠে
থাকবে। তিনি বলেন, নির্বাচনে সারাদেশে ১ লাখ
সেনাবাহিনী সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি ৫
হাজার নৌবাহিনী, সাড়ে ৩ হাজার বিমানবাহিনী, প্রায় ৩৭
হাজার বিজিবি, সাড়ে ৪ হাজার কোস্টগার্ড, দেড় লাখ
পুলিশ এবং প্রায় ৯ হাজার র্যাব সদস্য দায়িত্ব পালন
করবেন।
তবে সব মিলিয়ে নির্বাচনে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করবে আনসার বাহিনী। প্রায় ৫ লাখের বেশি
আনসার সদস্য আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন করবেন।
নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় সব ভোটকেন্দ্রে সিসিটিভি
ক্যামেরা স্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন,
“যেসব কেন্দ্রে দেয়াল নেই, সেখানে অস্থায়ীভাবে বাঁশ
ব্যবহার করে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হবে।
অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নিয়মিত
অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে, যা
নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। এছাড়া
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে কোনো ভীতি বা
প্রভাব কাজ করছে না বলেও তিনি আশ্বস্ত করেন।
এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যারা
অসদাচরণে লিপ্ত হবে, তাদের আচরণ গণমাধ্যমে তুলে
ধরলে তারা নিজেরাই সংশোধিত হবে। প্রয়োজনে
আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন:
* মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান
সিদ্দিকী, মহাপরিচালক, বিজিবি।
* এ কে এম শহিদুর রহমান, মহাপরিচালক, র্যাব
* মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ
মাহমুদ, মহাপরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা
বাহিনী।
খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত মহাপুলিশ
পরিদর্শক।
নাসিমুল গনি, সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর
রশীদ, রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান
এবং রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারসহ
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।