মরুর জাহাজ খ্যাত প্রাণী উটের জন্য পাসপোর্ট ইস্যু করবে সৌদি আরব। চলতি সপ্তাহে এক বিবৃতিতে সৌদির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
বিবৃতিতে বলা হয়, এই উদ্যোগ উটের মালিকানার ওপর নজরদারি উন্নত করতে সহায়তা করবে। এছাড়া একটি কেন্দ্রীভূত ও নির্ভরযোগ্য রেফারেন্স ডেটাবেস তৈরির মাধ্যমে এই খাতে ‘উৎপাদনশীলতা ও দক্ষতা’ বৃদ্ধি পাবে।
সৌদির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল এখবারিয়ার তথ্য অনুযায়ী, এই পাসপোর্ট উটের বিক্রি, পরিবহন ও বাণিজ্য নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে। পাশাপাশি এটি মালিকদের অধিকার সুরক্ষায় সহায়তা করবে এবং মালিকানা প্রমাণের প্রক্রিয়া সহজ করবে।
সৌদি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে প্রকাশিত সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে দেশটিতে প্রায় ২২ লাখ উট রয়েছে। এই প্রাণীগুলো সৌদি সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঐতিহাসিকভাবে উট যাতায়াতের প্রাথমিক মাধ্যম এবং বর্তমানে ঐতিহ্য, মর্যাদা ও সম্পদের প্রতীক হিসেবে বিবেচিত।
সাম্প্রতিক বছরগুলোতে উট একটি লাভজনক প্রজনন ও প্রতিযোগিতা শিল্পেরও কেন্দ্রে পরিণত হয়েছে। বিশেষ করে কিং আবদুলআজিজ ক্যামেল ফেস্টিভ্যালের মতো বড় বার্ষিক উৎসবগুলোতে পুরস্কারজয়ী উটের দাম কয়েক লাখ ডলার পর্যন্ত ওঠার নজির রয়েছে।