কুমিল্লার মেঘনা উপজেলার সেননগর বাজারে স্থানীয় বাজার কমিটির সদস্যরা অভিযান চালিয়ে “জি গ্যাস” নামে পাম তেল থেকে তৈরি কথিত দুই নম্বর গ্যাস ভর্তি একটি ট্রাক আটক করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক করা গ্যাসটি মানসম্মত নয় বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, দেশের বিভিন্ন স্থানে এ ধরনের নিম্নমানের গ্যাসের কারণে আগেও বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটেছে, যা সাধারণ মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
বাজার কমিটির সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে এই নিম্নমানের গ্যাস বাজারে সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। তবে এর মান ও নিরাপত্তা নিয়ে এখনো কোনো সঠিক নিশ্চয়তা পাওয়া যায়নি। বিষয়টি গুরুতর মনে হওয়ায় বাজার কমিটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে থানায় ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঝুঁকিপূর্ণ ও ভেজাল গ্যাস বাজারে প্রবেশ করতে না পারে এবং সাধারণ মানুষের জীবন নিরাপদ থাকে, সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
মো.আনিসুর রহমান
বাংলাদেশ নিউস টুডে