নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে মো. রাকিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া মো. ঈশান অভিযোগ করে বলেন, শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে ৩-৪ জন যুবক রাকিবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তার মাথায় গুলি লাগে এবং পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও জানান, নিহত রাকিব শিববাড়ি স্টাফ কোয়ার্টার এলাকার খোকন মিয়ার ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, শহীদ মিনার এলাকা থেকে গুলিবিদ্ধ ও ছুরিকাহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। তার মাথায় গুলির আঘাত এবং ডান পেটে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের আঞ্চলিক সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক ব্যক্তিকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ তদন্ত করছে।