আবু ছাহিম। সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজা চতুর হাটে ধানের চারার বাজারে দেখা দিয়েছে এক অস্বাভাবিক পরিস্থিতি। চারার দামের তুলনায় বেশি খাজনা আদায়ের অভিযোগ উঠেছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক, ক্রেতা ও বিক্রেতারা।
জানা যায়, বর্তমানে হাটে এক আটি ধানের চারার দাম মাত্র ৩ টাকা। তবে আটি প্রতি ২ টাকা করে খাজনা দিতে হচ্ছে। ফলে ৩ টাকার চারা কিনতে গিয়ে ক্রেতাদের মোট খরচ দাঁড়াচ্ছে ৫ টাকা।
স্থানীয় কৃষক ও ক্রেতাদের অভিযোগ, চারার মূল দাম কম হলেও অতিরিক্ত খাজনার কারণে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে কৃষকদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
অন্যদিকে বিক্রেতারাও বলছেন, চারার দাম কম হওয়ায় তারা আগেই কম লাভ পাচ্ছেন। তার ওপর অতিরিক্ত খাজনার কারণে অনেক ক্রেতা চারা কিনতে আগ্রহ হারাচ্ছেন, ফলে বিক্রিও কমে যাচ্ছে।
স্থানীয়দের মতে, এভাবে চলতে থাকলে কৃষকদের জন্য ধানের চারা সংগ্রহ করা আরও কঠিন হয়ে উঠবে। তাই বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা।