নিজস্ব প্রতিনিধিঃ
দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন ও শোষণ থেকে মুক্তির পর দেশে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার সকাল ১১টায় বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির নবনির্মিত ভবনও উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ তাদের হারানো রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে এবং রাষ্ট্রকে স্বৈরাচারমুক্ত রাখতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিচার বিভাগ, শাসন বিভাগ ও আইন বিভাগের সমন্বয় ছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। ন্যায়বিচারই একটি আধুনিক রাষ্ট্রের মূল ভিত্তি।
ই-বেইলবন্ড ব্যবস্থার বিষয়ে তিনি জানান, জামিননামা এখন অনলাইন পদ্ধতিতে দ্রুত কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে, ফলে বিচারপ্রার্থীদের হয়রানি ও সময়ক্ষেপণ কমবে।
তিনি উল্লেখ করেন, আগে জামিন কার্যকর করতে বহু ধাপ অতিক্রম করতে হতো, কিন্তু নতুন এই ডিজিটাল ব্যবস্থায় তা অনেক সহজ ও দ্রুত হয়েছে।
সরকার ইতোমধ্যে বগুড়াসহ সাতটি জেলায় এই ব্যবস্থা চালু করেছে এবং পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে এই ব্যবস্থা পুলিশের তথ্যভান্ডার, আদালতের মামলা ব্যবস্থাপনা এবং জাতীয় পরিচয়পত্র যাচাই সিস্টেমের সঙ্গে যুক্ত করা হবে।
তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে বলেন, “আইনের শাসনের পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনজীবী ও প্রযুক্তিবিদদের ধন্যবাদ জানান এবং বিচারপ্রার্থীদের সেবা দ্রুত ও স্বচ্ছভাবে নিশ্চিত করার আহ্বান জানান।