নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পৃথক দুটি অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও উজ্জল মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্বাচল ১১ নম্বর সেক্টরের কুমারটেক এলাকায় একটি রেস্টুরেন্টের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চলছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আলতাফ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় এক নারীকে আটক করা হয়, যার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই রাতে ভুলতা পুলিশ ফাঁড়ির একটি দল গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় অভিযান চালিয়ে উজ্জল মিয়া নামে এক ব্যক্তিকে ১১৪ পিস ইয়াবাসহ আটক করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।