সাত্তার আব্বাসী
সিরাজগঞ্জ প্রতিনিধি :
শাহজাদপুর উপজেলার বিভিন্ন রাস্তার ধারে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে তালবীজ রোপণ করে যাচ্ছেন সাংবাদিক, সমাজকর্মী ও প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ। শনিবার (২৬ অক্টোবর) শাহজাদপুর উপজেলার নলুয়া বটতলা থেকে জুগ্নিদহ বকুলতলা সড়কে তালবীজ রোপণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাহিদুল ইসলাম নাহিদ, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি এবং শাহজাদপুর সাংবাদিক ফোরামের সংগঠনিক সম্পাদক মো: সবুজ হোসেন রাজা, উপসহকারী কৃষি অফিসার মোঃ মানিক, সাংবাদিক তারেক, সাংবাদিক মুরাদ, জুগ্নিদহ গ্রামের কৃতি সন্তান নিরাপদ এ্যাগ্রোর পরিচালক মোঃ মেহেদী হাসান সোহেলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ গত পাঁচ বছর ধরে শাহজাদপুর উপজেলার বিভিন্ন রাস্তার ধারে তালবীজ রোপণ করছেন, যার ফলশ্রুতিতে বর্তমানে বিভিন্ন রাস্তার ধারে তার রোপণকৃত গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এ বছর তিনি ১৮ হাজার তালবীজ রোপণ করার পরিকল্পনা করেছেন বলে জানান।
এই মহান উদ্যোগের প্রশংসা করে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছের গুরুত্ব অপরিসীম। উপজেলা প্রশাসন এই মহৎ উদ্যোগের সাথে সর্বাত্মক সহযোগিতা করবে।”
শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাহিদুল ইসলাম বলেন, “আমরা উপজেলা কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা করবো। পরিবেশ রক্ষার জন্য আব্দুল্লাহ আল মাহমুদের এই উদ্যোগ নিঃসন্দেহে দৃষ্টান্ত হয়ে থাকবে।”