ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক ॥
৫ আগস্টের পূর্বে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে বিচারের দাবিতে ভৈরবে মানববন্ধন করেছে ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় সরকারি হাজী আসমত কলেজ গেইটে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সরকারি হাজী আসমত কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শিব্বির আহমদ হামির সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফ মোহাম্মদ ফরহাদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক হিসাম রহমান, পৌর ছাত্রদলের সদস্য ওবায়দুল হক নাহিদ, পৌর ছাত্রদল নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব এর সাবেক সাধারণ সম্পাদক রেদুয়ান আহমেদ শোভন, কলেজ শাখা ছাত্রদলের সদস্য জাহিদুল ইসলাম, মুহাম্মদ অনন্ত ও শিক্ষার্থী ইমরান হোসেন প্রমুখ। মানববন্ধনে ভৈরব উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরাসহ বিভিন্ন শাখার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৭ বছর তাদের দোসর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সারাদেশে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল। সেই সাথে বিএনপির বিভিন্ন নেতাকর্মী গুমের শিকার হয়েছে। মানবাধিকার লঙ্ঘনকারী দল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৫ আগস্ট দেশে স্বাধীনতা ফিরে এসেছে। মানুষ তার অধিকার ফিরে পেয়েছে।
এ সময় বক্তারা গুমের শিকার ছাত্রদলসহ বিভিন্ন নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবি জানান। এছাড়াও আওয়ামী লীগ ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী দ্বারা নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতন নিপীড়নের যথাযথ বিচারের দাবী করেন বক্তারা।