‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্য নিয়ে ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে বাংলা একাডেমির আয়োজনে মাসব্যাপী চলবে এই প্রাণের উৎসব। এবারের বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
নিরাপত্তার বিষয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা প্রাঙ্গণে বাংলাদেশ পুলিশ, র্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থা তৎপর থাকবে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তিন শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। পুরো মেলা এলাকা পলিথিন ও ধূমপানমুক্ত থাকবে।
প্রকাশিত বইয়ের গুণগতমানের বিচারে দেওয়া হবে বিভিন্ন পুরস্কার। এর মধ্যে রয়েছে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’, ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’, ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ এবং ‘কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’।
এবারের মেলায় ৭০৮টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে, যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকবে ১৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৬০৯টি। এছাড়া থাকবে ৩৭টি প্যাভিলিয়ন ও ১৩০টি লিটল ম্যাগাজিন স্টল।
বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১১টায়। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস উপলক্ষে মেলা শুরু হবে সকাল ৮টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।