নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (বয়স আনুমানিক ৫৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত নারী দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
খবর পেয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা মোল্লা জানান, ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিকাল পৌনে ৫টা পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।