নিজস্ব প্রতিনিধি :
রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, পাবনার আমিনপুর থানার কোমলপুর গ্রামের আলো মৃধার ছেলে শাহ আলী ওরফে আলম শেখ (৩৮) এবং একই থানার সাগরকান্দি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. মোরশেদ সরদারের ছেলে রুবেল সরদার ওরফে দাদা রুবেল (৩৭)।
শনিবার (২৬ জুলাই) দুপুরে গোয়ালন্দ ঘাট থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) মো. মাহাবুল করিমের নেতৃত্বে একটি দল ২৫ জুলাই পাবনার আমিনপুর থানার কোমরপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে এজাহারভুক্ত আসামি শাহ আলী এবং সন্দেহভাজন রুবেল সরদারকে গ্রেফতার করা হয়।
ওসি মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।