বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক ও প্রায় ২০ লাখ টাকার এফডিআরের কাগজ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে এই বিপুল পরিমাণ চেক ও আর্থিক দলিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার (২৮ জুলাই) রাতে নাখালপাড়ায় রিয়াদের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় চারটি চেক—যার মোট মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা। একইসঙ্গে পাওয়া যায় প্রায় ২০ লাখ টাকার এফডিআরের নথি।
এ মামলার পেছনে রয়েছে আলোচিত চাঁদাবাজির একটি ঘটনা। অভিযোগে বলা হয়, সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় যান পাঁচ যুবক। নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে তারা তার স্বামীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর আগে তারা বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়ে যান। পরে আবার স্বর্ণালঙ্কার নিতে গেলে বাড়ির লোকজন পুলিশে খবর দেন। পুলিশ অভিযান চালিয়ে রিয়াদসহ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে।
ঘটনার পর শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় ছয়জনকে এজাহারনামীয় আসামি করে মামলা করেন। মামলায় আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।