ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, “জুলাইয়ের শহীদরা আমাদের অনুপ্রেরণার উৎস। তারা একটি বৈষম্যহীন, মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছেন। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের প্রিয়াঙ্কা সিটিতে ‘উত্তরাস্থ সিরাজগঞ্জ ফোরাম’-এর আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নির্মমভাবে নিহত আমাদের নিষ্পাপ শিশুদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্যও কামনা করি।”
সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, “উত্তরাস্থ সিরাজগঞ্জবাসী হিসেবে আমরা ঢাকার বুকে মিলেমিশে একত্রে থাকতে চাই। বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই মানবিক বন্ধনই আগামীর বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করবে।”
তিনি বলেন, “আমরা এখন আর হিংসা ও অহংকারের রাজনীতি চাই না, চাই সহনশীলতা ও ভালোবাসার রাজনীতি।”
দোয়া মাহফিল পরিচালনা করেন ‘উত্তরাস্থ সিরাজগঞ্জ ফোরাম’-এর প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফুল আলম আলীম। নিহতদের শহীদি মর্যাদা ও আহতদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব মো. মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক মো. কফিল আহমেদ, মো. আফাজ উদ্দিন প্রমুখ।