ইয়াহিয়া খান , সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সিএনজি অটোরিকশা ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইউনিয়ন পরিষদের চার গ্রাম পুলিশ সদস্য।
বুধবার (৩০ জুলাই) দুপুরে চান্দাইকোনা ইউনিয়নের সিমলা এলাকায় ব্র্যাক এনজিও কার্যালয়ের সামনের সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. এরশাদ আলী (৬৫)। তিনি রায়গঞ্জ পৌর এলাকার পূর্ব লক্ষীকোলা আইড়পাড়া গ্রামের বাসিন্দা ও মৃত রমজান আলীর ছেলে।
আহতরা হলেন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য—শ্রী আনন্দ চরণ দাস, বিকাশ চক্রবর্তী, আশু চন্দ্র দাস এবং মো. রায়হান আলী। প্রত্যেকেই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সিমলা এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা বিপরীত দিক থেকে আসা অটোভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক এরশাদ আলী নিহত হন। আহত চারজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর সিএনজি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা জানান, দুর্ঘটনার বিষয়ে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।