ভ্রাম্যমাণ প্রতিনিধি :
টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বীর সলিল গ্রামে অবস্থিত দুটি অবৈধ সিসা উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক। মোবাইল কোর্টের মাধ্যমে একটি অবৈধ কারখানা ভেকু (এক্সক্যাভেটর) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়, অপরটি সিলগালা করে তালাবদ্ধ করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মো. মাসুদ এবং পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। অভিযান পরিচালনায় সেনাবাহিনীর একটি দল পূর্ণাঙ্গ সহায়তা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “পরিবেশ সংরক্ষণে জেলার বিভিন্ন স্থানে অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে এসব অবৈধ কারখানা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। অভিযান চালিয়ে কারখানা গুঁড়িয়ে দেওয়া ও সিলগালা করায় তারা স্বস্তি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।