নিজস্ব প্রতিনিধিঃ
সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হজ পালনকালে মৃত্যুবরণ করা বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন অনুযায়ী, সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার তথ্যে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
সর্বশেষ মৃত্যুবরণকারীরা হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মো. আব্দুল হাই (৬১) এবং শেরপুরের শ্রীবরদী উপজেলার মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। এর মধ্যে মো. আব্দুল হাই মদিনায় এবং মো. আবদুল্লাহ আল মামুন মক্কায় মৃত্যুবরণ করেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তাঁরা স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন।
এর আগে চলতি হজ মৌসুমে আরও চারজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেন। ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইলের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মৃত্যুবরণ করেন। তাঁদের সবাই পুরুষ এবং পাঁচজন মদিনায় ও একজন মক্কায় ইন্তেকাল করেন।
এদিকে, এ পর্যন্ত ৯২টি ফ্লাইটে মোট ৩৬ হাজার ৯৯৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ জন রয়েছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজযাত্রী পরিবহন ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।