ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনা নদীর তীরঘেঁষে স্পারবাঁধের পাশেই গড়ে ওঠা তিনটি অবৈধ বালু মহলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার (২ আগস্ট) দুপুরে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজন ব্যবসায়ী, আমির ফয়সাল মন্টু সরকার, মেহেদী হাসান ও মো. আলম কমিশনারকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রায় ২ লাখ ৫০ হাজার ঘনফুট সেফটি বালু জব্দ করে পানি উন্নয়ন বোর্ডের জিম্মায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে এসব বালু নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
অভিযানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের এসডিই মো. পারভেজ, এনায়েতপুর থানার এসআই আনোয়ার হোসেন এবং স্থানীয় জনসাধারণ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে স্পারবাঁধের উত্তর ও দক্ষিণ পাশে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমনকি স্পারবাঁধের গায়ে পাইপ স্থাপন করে বালু তোলায় নির্মাণাধীন প্রায় ৬৫০ কোটি টাকার তীর সংরক্ষণ বাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।
এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা নিয়মিত এ ধরনের অভিযান চালানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।