নিজস্ব প্রতিনিধিঃ
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কার তথ্য পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে এ পরিস্থিতি নিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।
শনিবার (২৫ এপ্রিল) সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সাম্প্রতিক এক দাপ্তরিক চিঠিতে পুলিশ সদর দপ্তর জানায়, গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্টদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং রাজধানীর শাহবাগসহ গুরুত্বপূর্ণ জনসমাগমপূর্ণ এলাকাকে লক্ষ্যবস্তু করতে পারে। বোমা বিস্ফোরণ বা দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনার আশঙ্কা রয়েছে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার মতো ঝুঁকিপূর্ণ পরিকল্পনাও থাকতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা। ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, উগ্রবাদী এই গোষ্ঠী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে নাশকতার পরিকল্পনা করছে। পরিস্থিতির
বিশেষ করে জনসমাগমস্থল ও বিনোদন কেন্দ্রগুলোতে বাড়তি পুলিশি নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা যায়।
ডিএমপির পক্ষ থেকে আরও জানানো হয়, সিটিটিসি ইউনিটসহ পুলিশের অন্যান্য বিশেষায়িত শাখা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি শনাক্ত করতে মাঠপর্যায়ের সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ জনগণের সহযোগিতাও কামনা করেছে পুলিশ প্রশাসন। সন্দেহজনক কোনো কার্যকলাপ নজরে এলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে আহ্বান জানানো হয়েছে।