নিজস্ব প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে রত্না আক্তার ছবি (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের জোয়ানা সেতু এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রত্না আক্তার উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম তরুণের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, হালির মোড় এলাকা থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে নিচা বাজারের ভাড়া বাসায় ফিরছিলেন রত্না ও তার মেয়ে তামান্না (২০)। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল অটোভ্যানটিকে মুখোমুখি ধাক্কা দিলে সেটি উল্টে গিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে আছড়ে পড়ে। দুর্ঘটনায় রত্না আক্তারসহ পাঁচজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠান। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রত্না আক্তার মারা যান।
আহতরা হলেন, ঢাকা জেলা পুলিশের কনস্টেবল রবিউল ইসলাম রাসেল (৩২), শফিকুল ইসলাম (৩৫), অটোভ্যানচালক ফারুক (৪২) এবং নিহতের মেয়ে তামান্না (২০)। তাদের মধ্যে গুরুতর আহত পুলিশ সদস্য রাসেলকে থানা পুলিশের ৯৯৯ পিকআপে জয়পুরহাট জেলা হাসপাতালে এবং শফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমন আলী বলেন, “তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এরমধ্যে রত্না আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।”
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম জানান, “ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন এবং একজন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।”