নিজস্ব প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলার শাহাবাজ আমতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। রবিবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
নিহতরা হলেন পীরগাছা উপজেলার ইটাকুমারী এলাকার শাহাবুদ্দিন (৪৫) এবং মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটরশি পীরের অনুসারী নজর আলীর মালিকানাধীন একটি সার দোকানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পার্শ্ববর্তী এলাকা থেকে বহু অনুসারী অংশ নেন। অনুষ্ঠান চলাকালে হঠাৎ ঝোড়ো হাওয়া বয়ে গেলে সাময়িকভাবে স্থাপন করা বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয় এবং পুরো অনুষ্ঠানস্থল বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে উপস্থিত অন্তত ১০ জন ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন।
আহতদের মধ্যে গুরুতর সাতজনকে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লাতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।