নিজস্ব প্রতিনিধি :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর প্রবল স্রোতে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সুকানি, সহকারী ও দুই শ্রমিক। দুর্ঘটনা ঘটেছে সোমবার (১৮ আগস্ট) বিকেলে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে বালুবোঝাই করে বাল্কহেডটি দৌলতদিয়া ঘাটের দিকে আসছিল। ঘাট এলাকায় পৌঁছালে পদ্মার উত্তাল ঢেউ ও প্রবল স্রোতের ধাক্কায় হঠাৎ বাল্কহেডটি ডুবে যায়। শ্রমিকরা দ্রুত মালিকের সঙ্গে যোগাযোগ করলে, মালিকের পাঠানো একটি ট্রলার তাদের উদ্ধার করে নদীর তীরে আনে।
স্থানীয়রা অভিযোগ করছেন, পদ্মায় চলাচলকারী অধিকাংশ বাল্কহেডই ফিটনেস ও নিবন্ধনবিহীন। অদক্ষ সুকানি দিয়ে এগুলো চালানো হয় এবং ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ বালু বোঝাই করা হয়। প্রশাসনের তদারকির অভাবে এমন দুর্ঘটনা প্রায়শই ঘটে।
দৌলতদিয়া নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, অবৈধ ও ঝুঁকিপূর্ণ বাল্কহেডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হয়। তবে পদ্মার প্রবল স্রোতের কারণে স্পিডবোট পাঠানো কঠিন। তবু দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
এই ঘটনায় পুনরায় বাল্কহেড নিরাপত্তা ও প্রশাসনের তদারকির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।