মোঃ শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুরে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের আইনগত সহায়তা ও আয়বর্ধক সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে “ইনহান্সিং জেন্ডার ইকুয়ালিটি প্রজেক্ট (জিইপি)” এর আওতায় এক বিশেষ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১০টায় নাটুয়াপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভার আয়োজন করে সোসিও হেলথ এন্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম-শার্প (সিরাজগঞ্জ)।
সভায় প্রধান অতিথি ছিলেন নাটুয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম সবুজ। সভার সঞ্চালনা করেন শার্প-এর জেন্ডার অ্যান্ড অ্যাডভোকেসি অ্যাসোসিয়েট মোছাঃ সূচনা আক্তার। প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম উপস্থাপন করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, ইউপি সদস্য জামাল উদ্দিন ও সাংবাদিক মোঃ শাহজাহান আলী।
বক্তারা চরাঞ্চলের নারীদের দীর্ঘদিনের বৈষম্য, দারিদ্র্য ও সামাজিক প্রতিবন্ধকতার কথা তুলে ধরে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ সকল বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। সভায় নারীদের আইনগত অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং সমাজে মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।
প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) এর অর্থায়নে, কারিগরি সহায়তা প্রদান করছে জিএফএ কনসাল্টিং গ্রুপ।