আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে এসব তথ্য জানিয়েছেন। তারা বলেছেন, নাঙ্গারহার ও কুনার প্রদেশের বিভিন্ন হাসপাতালে ইতোমধ্যেই ১১৫ জনের বেশি আহতকে ভর্তি করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এরপর অন্তত আরও তিনটি কম্পন হয়েছে, সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২ পর্যন্ত।
ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পের ঝাঁকুনি কয়েক সেকেন্ড ধরে আফগানিস্তানের রাজধানী কাবুলে (যা উৎপত্তিস্থল থেকে প্রায় ২০০ কিমি দূরে) এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও (প্রায় ৪০০ কিমি দূরে) অনুভূত হয়।
কুনার প্রদেশের পুলিশ প্রধান বিবিসিকে বলেন, বন্যা ও ভূমিকম্প-পরবর্তী ধসের কারণে সড়কপথ বন্ধ হয়ে গেছে। উদ্ধারকাজ এখন কেবল আকাশপথে করা সম্ভব।
তালেবান কর্মকর্তারা স্বীকার করেছেন, তাদের কাছে পর্যাপ্ত সম্পদ নেই। তাই তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে হেলিকপ্টারসহ সাহায্য চেয়েছেন, যাতে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো যায়।