নিজস্ব প্রতিনিধি :
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে নির্বাচন ভবনের নিজ দপ্তরে বৈঠক করেন।
মার্কিন দূতের আগমনের কারণে সকাল থেকেই নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার করা হয়। জোহরের সময় থেকে প্রধান ফটকে ব্যারিকেড বসানো হয় এবং প্রবেশপথে তল্লাশি বাড়ানো হয়। ইসি সচিব আখতার আহমেদ নিজে নিচতলায় পৌঁছে ট্রেসি অ্যান জ্যাকবসনকে সংবর্ধনা জানান। এরপর তার নেতৃত্বে কর্মকর্তাদের একটি দল মার্কিন প্রতিনিধিদলকে সিইসির দপ্তরে নিয়ে আসেন।
এটি গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর নির্বাচন কমিশনের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকের মূল আলোচ্যসূচি বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে, নির্বাচন প্রক্রিয়া ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়টি বৈঠকে আলোচনার মূল বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।